কুমিল্লার দেবিদ্বারে মায়ের চোখের সামনে ট্রাকচাপায় মিনহা নামে ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোট শালঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার বাসিন্দা। তার মা জুলেখা আক্তার। মিনহা ছোট শালঘর এলাকার আফতর উদ্দিন সরকার বাড়ির শাহ আলমের নাতনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিনহা তার মা জুলেখা আক্তার, যমজ বোন ও নানির সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার সকালে চিকিৎসকের পরামর্শ নিতে মা জুলেখা আক্তার তাদের নিয়ে দেবিদ্বার উপজেলা সদরের একটি হাসপাতালে যান। চিকিৎসা শেষে তারা অটোরিকশায় করে নানাবাড়িতে ফিরছিলেন। পথে ছোট শালঘর এলাকায় পৌঁছে তারা অটোরিকশা থেকে নামেন। এ সময় স্বজনরা অটোরিকশার ভাড়া পরিশোধ করছিলেন। এর মধ্যে মিনহা তাদের আগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। সে সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিজের চোখের সামনে মেয়ের এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা শুনেছি, দুর্ঘটনাটি কুমিল্লা-সিলেট মহাসড়কে ঘটেছে। খবর পেয়ে মিরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।
মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, হাসপাতালে চিকিৎসকদের কার্যক্রম শেষ হলে আমরা মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করব।
সূত্র: নতুন আরএসএস সোর্স