গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:২১ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:৪৭ পিএম

নিরাপদ খাদ্য ব্যবস্থার উন্নয়নে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ: বিএফএসএ চেয়ারম্যান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নিরাপদ খাদ্য ব্যবস্থার উন্নয়নে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ: বিএফএসএ চেয়ারম্যান

বাংলাদেশের নিরাপদ খাদ্য ব্যবস্থার প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

জাইকার সহযোগিতায় বাস্তবায়িত এসটিআইআরসি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (৩ নভেম্বর) বিএফএসএ প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাইকার কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিএফএসএ।

অনুষ্ঠানে শফিকুল ইসলাম বলেন, ‘জাইকা বাংলাদেশের উন্নয়নের অন্যতম বিশ্বস্ত সহযোগী। দীর্ঘদিন ধরে জাপান বাংলাদেশের বন্ধু হিসেবে কাজ করছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও জনসচেতনতা তৈরিতে জাইকার কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রকল্পের অর্জন দেশে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করবে।’

অনুষ্ঠানে জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি ইজুমি শোজি বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু কারিগরি বিষয় নয়; এটি জনস্বাস্থ্য সুরক্ষা, জনগণের আস্থা এবং অর্থনৈতিক উন্নয়নের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত।’

২০১৯ সাল থেকে বিএফএসএর সঙ্গে কাজ করছে জাইকার এসটিআইআরসি প্রকল্প। প্রকল্পটির আওতায় দেশের ১৮টি জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ে মিনি-ল্যাবরেটরি স্থাপনে সহযোগিতা দেওয়া হয়েছে। এ ছাড়া ৬৪টি জেলা ও আটটি মহানগর কার্যালয়ের পরীক্ষাগার কার্যক্রম পরিচালনায় কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। ফলে মাঠপর্যায়ে খাদ্য পরীক্ষা, নমুনা বিশ্লেষণ ও খাদ্য নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি শনাক্তের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য কর্মকর্তাদের পরিদর্শন, নমুনা সংগ্রহ ও পরীক্ষাগার পরিচালনার দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, খাদ্য ব্যবসায়ী, হোটেল-রেস্তোরাঁ ও বেকারির কর্মীদের মধ্যে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএর সচিব ও প্রকল্প পরিচালক শ্রাবস্তী রায়। এতে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা, খাদ্য ব্যবসায়ী এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।