গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১২:৫০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১০:০৪ পিএম

বিরোধ মেটাতে আলোচনার ওপর গুরুত্ব দিচ্ছে চীন-ফিলিপাইন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বিরোধ মেটাতে আলোচনার ওপর গুরুত্ব দিচ্ছে চীন-ফিলিপাইন

দক্ষিণ চীন সাগর নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার মধ্যেও সংলাপ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে চীন ও ফিলিপাইন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়। খবর আনাদোলু এজেন্সির।

ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে তার ‘খোলামেলা ও গঠনমূলক আলোচনা’ হয়েছে। দুই পক্ষই পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখা এবং মতপার্থক্য যথাযথভাবে সামাল দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছে।

এর দুই সপ্তাহ আগে শক্তি প্রয়োগের হুমকি হিসেবে বিবেচিত মন্তব্যের জেরে ম্যানিলায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিং কোয়ানকে তলব করেছিল ফিলিপাইন। তবে ওই বক্তব্যকে হুমকি হিসেবে দেখার ব্যাখ্যা প্রত্যাখ্যান করেন জিং। একই সঙ্গে তিনি ফিলিপাইনের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিং ওই মন্তব্য করেছিলেন। প্রশ্নটি ছিল, ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জুনিয়র চীনকে আঞ্চলিক ‘সমস্যা সৃষ্টিকারী’ হিসেবে বর্ণনা করেছেন- এ বিষয়ে তার প্রতিক্রিয়া কী।

জবাবে জিং বলেন, ‘আমরা যদি শক্তি প্রয়োগ করতে চাই, তাহলে সহজেই জিততে পারি। কিন্তু না, আমরা শক্তি প্রয়োগের পথ বেছে নেব না। আমরা শান্তি ভালোবাসি।’

এর আগে গত জুলাইয়ে তেওদোরোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং। চীনের অভিযোগ, তিনি বারবার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে দেশটির স্বার্থ ক্ষুণ্ন করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতি করেছেন।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় চীন ও ফিলিপাইনের নৌযানগুলোর মধ্যে বারবার মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে কেন্দ্র করেই দুই দেশের সম্পর্কে উত্তেজনা ও কূটনৈতিক বিরোধ তৈরি হয়েছে।
  
সূত্র: আনাদোলু এজেন্সি

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।