ঝিনাইদহের মহেশপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা এলাকায় ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের আনুমানিক বয়স ৬০ বছর। মরদেহে পরিচয় ও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন বলেন, দুপুরের দিকে স্থানীয় কৃষকরা মাঠে যাওয়ার সময় বোরখা পরা অবস্থায় নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, চাপাতলা এলাকার বিলের মাঠে ধানক্ষেতে দুপুর দেড়টার দিকে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে।
ওসি ইমরান আলম বলেন, মরদেহের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মার্গে পাঠানোর প্রক্রিয়া চলমান। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
সূত্র: কালবেলা