শেরপুর সদর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় ওই ঘটনা ঘটে। আহতদের মধ্যে মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০) ও আইজউদ্দিন (৭০) সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও আহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাগলা কুকুরের একটি দল সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ও আশপাশের এলাকায় ঘুরে নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। পরে স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের জরুরি ভিত্তিতে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্য আহতরাও হাসপাতালে এলে প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা দেওয়া হবে।
আহত মামুনের স্ত্রী সবুজা বেগম বলেন, ‘পথিমধ্যে হঠাৎ কয়েকটি কুকুর এসে আমার স্বামীকে কামড় দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পরে তাকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে।’
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ বলেন, আহত রোগীদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে। কুকুরে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া উচিত।
সূত্র: কালবেলা