গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১১:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:৪০ এএম

ভ্যানিটি ব্যাগে থাকা মোবাইল নম্বরে মিলল মরদেহের পরিচয়

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ভ্যানিটি ব্যাগে থাকা মোবাইল নম্বরে মিলল মরদেহের পরিচয়

ঝিনাইদহের মহেশপুরে ধানক্ষেতের আইল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার স্বরূপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া মৌজার চাপাতলা গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ওই নারীর নাম- মনি বেগম (৫৫)। তিনি যশোর কোতোয়ালি থানার বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার নাসির উদ্দীনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় কৃষক ইসমাইল হোসেন তার ধানক্ষেতের আইলে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি গ্রামের লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে একটি কালো ভ্যানিটি ব্যাগ ও এক জোড়া জুতা পড়ে ছিল। ব্যাগে থাকা কয়েকটি মোবাইল নম্বর সংগ্রহ করে পুলিশ। পরবর্তীতে মোবাইল নম্বরের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়। 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বলেন, মনি বেগমের ছেলে-মেয়ে ও নিকটাত্মীয়রা ভারতে বসবাস করেন। তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হন। ধারণা করা হচ্ছে, তিনি পাসপোর্ট ছাড়া অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে যেতে মহেশপুর সীমান্ত এলাকায় এসেছিলেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ভারতীয় সীমান্তের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। 

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।