গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১০:০২ এএম

ডিজনির রাজকন্যা হতে চাওয়া ম্যাকেনার অতিরিক্ত আবেদনময়ী দৃশ্যে অনীহা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ডিজনির রাজকন্যা হতে চাওয়া ম্যাকেনার অতিরিক্ত আবেদনময়ী দৃশ্যে অনীহা
অভিনয়ের ক্ষেত্রে নিজের কিছু সীমাবদ্ধতা ও পছন্দের কথা স্পষ্ট জানিয়ে দিলেন হলিউড অভিনেত্রী ম্যাকেনা গ্রেস। নগ্নতা কিংবা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্য রয়েছে, এমন চরিত্রে অভিনয় করতে চান না তিনি। বরং ভবিষ্যতে বড় পর্দায় ডিজনির কোনো রাজকন্যার চরিত্রে অভিনয় করাই তার স্বপ্ন। ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার প্রচারের অংশ হিসেবে কসমোপলিটন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনয়সংক্রান্ত পছন্দের কথা জানান ম্যাকেনা। কোন ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে ফিরিয়ে দেবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে আমি নগ্নতা কিংবা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্য রয়েছে, এমন কোনো চরিত্রে অভিনয় করি না। যারা এ ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু বিষয়টি আমার কাছে ভীতিকর মনে হয়। ভবিষ্যতে আমার এই ভাবনা বদলাবে কি না, জানি না। তবে নিজেকে শুধু পরিচ্ছন্ন বা নিষ্পাপ চরিত্রে সীমাবদ্ধ রাখতে চান না বলেও জানিয়েছেন অভিনেত্রী। উদাহরণ হিসেবে ‘স্ক্রিম’ সিনেমার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে তার চরিত্রকে ঘোস্টফেসের হাতে ভয়াবহভাবে খুন হতে হয়েছে। এরপরও তার স্বপ্ন, একদিন ডিজনির রাজকন্যা হয়ে পর্দায় হাজির হওয়া। ম্যাকেনার এই মন্তব্যের সঙ্গে অনেকেরই মনে পড়ছে অভিনেত্রী অ্যামি অ্যাডামসের কথা। ২০০৭ সালে ‘এনচ্যান্টেড’ সিনেমায় জিসেলের চরিত্রে অভিনয় করে ডিজনির রাজকন্যা হিসেবে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান তিনি। পরবর্তী সময়ে সেই ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে কিছু অশালীন বা প্রাপ্তবয়স্কদের উপযোগী কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অ্যামি। একবার ‘স্যাটারডে নাইট লাইভ’ এর একটি অশালীন কৌতুকধর্মী স্কেচেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। বিষয়টি এক পডকাস্টে জানিয়েছিলেন অ্যান্ডি সামবার্গ। তার ভাষ্য অনুযায়ী, অ্যামির সঙ্গে একটি দ্বৈত গানের পরিকল্পনা ছিল। কিন্তু গানটির বিষয়বস্তু ছিল অতিরিক্ত যৌন আবেদনময়। অ্যামি জানিয়েছিলেন, এটি বেশ মজার, কিন্তু আমি করতে পারব না। ছোট মেয়েরা এখন ‘এনচ্যান্টেড’ নিয়ে ভীষণ মেতে আছে। তারা এটি দেখলে মানসিকভাবে আঘাত পেতে পারে। এই মুহূর্তে আমি দুটো বিষয়কে এক করতে চাই না। এদিকে সম্প্রতি যৌন দৃশ্য রয়েছে, এমন চরিত্রে অভিনয় না করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অভিনেত্রী আমান্ডা সাইফ্রিডও। সেপ্টেম্বরে হ্যাম্পটনস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি জানান, একটি সিরিজে নিয়মিত যৌন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ, অপরিচিত কারও সঙ্গে নগ্ন হয়ে অভিনয় করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সর্বশেষ ‘স্ক্রিম ৭’ সিনেমায় দেখা গেছে ম্যাকেনা গ্রেসকে। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’। এতে মেইসিলি ডোনারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নেটফ্লিক্সের ‘স্কুবি-ডু’ সিরিজের লাইভ-অ্যাকশন সংস্করণে ড্যাফনি চরিত্রেও দেখা যাবে এই অভিনেত্রীকে। সূত্র: ভ্যারাইটি

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।