কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুদিন পর জলাশয় থেকে আদনান আলতাফ নামে এক কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নেভম্বর) সকালে উপজেলার কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আদনান আলতাফ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী। তিনি ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বাসিন্দা।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম বলেন, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়।
তার মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ অনেক খোঁজাখুঁজি করে। পরে আজ সকালে স্থানীয়দের মাধ্যমে শুনতে পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স