গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৩:২৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১১:২৬ এএম

ডেঙ্গু আক্রান্ত হওয়ায় আদালত অবমাননার ব্যাখ্যা দিতে ১ মাস সময় চান ফুয়াদ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ডেঙ্গু আক্রান্ত হওয়ায় আদালত অবমাননার ব্যাখ্যা দিতে ১ মাস সময় চান ফুয়াদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অর্থ লেনদেনের অভিযোগসংবলিত মন্তব্যের ব্যাখ্যা দিতে হাজির হওয়ার নির্দেশ পাওয়ার পর এক মাস সময় চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে বুধবার (৪ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে সময়ের আবেদন করেন তিনি।

ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী, বুধবারই সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার কথা ছিল ফুয়াদের। তবে অসুস্থতার কারণে হাজির হতে না পেরে তিনি সময় চেয়েছেন।

সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি অভিযোগ করেন, বিচারপ্রক্রিয়ায় ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’।

তার এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে এলে আদালত অবমাননার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেন ট্রাইব্যুনাল-১। গত রোববার (১ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল ফুয়াদকে তলব করেন। একই সঙ্গে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানিয়েছিলেন, ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে ফুয়াদকে।

উল্লেখ্য, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ও রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে এর আগে আরও দুই আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছিল।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।