চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কণিকা কাপুর। স্বামী গৌতম হাতিরামানির সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিচ্ছেদের খবর জানিয়ে কণিকা লেখেন, বন্ধু ও পরিবারের সদস্যদের জানাতে চাই, অনেক চিন্তাভাবনার পর আমি ও আমার স্বামী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ। তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই। আমাদের জীবনের এই পরিবর্তনের সময়ে সবার কাছে অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকুন।
২০২২ সালের ২০ মে লন্ডনে ঘরোয়া আয়োজনের পাশাপাশি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গৌতমের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন কণিকা। এর আগে ব্যবসায়ী রাজ চন্দকের সঙ্গে বিয়ে হয়েছিল এই সংগীতশিল্পীর। ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে রাজকে বিয়ে করেন তিনি। বিয়ের পর লন্ডনে চলে যান কণিকা। এই সংসারে তাদের তিন সন্তান রয়েছে। তারা হলেন দুই মেয়ে আয়ানা ও সামারা এবং ছেলে যুবরাজ। ২০১২ সালে রাজের সঙ্গে বিচ্ছেদ হয় কণিকার। এরপর সংগীত ক্যারিয়ার গড়তে ভারতে ফিরে আসেন তিনি।
গৌতমের সঙ্গে সম্পর্কের বিষয়ে একসময় কণিকা জানিয়েছিলেন, প্রায় ১৫ বছর ধরে তাদের পরিচয়। প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এমনকি ২০১৪ ও ২০২০ সালে দুইবার গৌতমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ২০২১ সালের আগস্টে গৌতম তাকে বিয়ের প্রস্তাব দেন।
২০১৪ সালে সানি লিওন অভিনীত ‘রাগিনি এমএমএস ২’ সিনেমার ‘বেবি ডল’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান কণিকা কাপুর। মিট ব্রাদার্সের সুরে গানটি রাতারাতি শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে তাকে। একই বছর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার ‘লাভলি’ গানেও কণিকার কণ্ঠ প্রশংসিত হয়।
সূত্র: এনডিটিভি
সূত্র: নতুন আরএসএস সোর্স