সিলেটের কোম্পানীগঞ্জে পাগল ও গাঁজাসেবী বলে গালাগাল করায় ভাতিজার দায়ের কোপে রুস্তম আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক বিল্লাল মিয়া উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে। নিহত রুস্তম আলী তার দূর-সম্পর্কের চাচা।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. ওছমান গনি।
নিহত রুস্তম আলী উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রুস্তম আলী বিল্লালকে পাগল ও গাঁজাসেবী বলে গালাগাল করেন। এ নিয়ে বিল্লালের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই বুধবার সকালে দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে রুস্তম আলীকে একা পেয়ে তার ওপর হামলা চালান বিল্লাল। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. ওছমান গনি কালবেলাকে বলেন, গালিগালাজ করায় ভাতিজার দায়ের কোপে চাচা নিহত হয়েছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় বিল্লাল মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককে আদালতের মাধ্যমে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র: কালবেলা