প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ পিএম || প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:৪৫ পিএম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের হাতে রোবোটিক সার্জারির ওপর বিশেষ উচ্চতর প্রশিক্ষণের সনদপত্র তুলে দেওয়া হয়েছে। চীনের সাংহাইয়ে অবস্থিত পুডং গংলি হাসপাতালে গত ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণে তিনি অংশ নেন।
সেখানে রোবোটিক সার্জারির আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক প্রয়োগ ও উন্নত অস্ত্রোপচার পদ্ধতি সম্পর্কে উচ্চতর জ্ঞান ও হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন তিনি। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় পুডং গংলি হাসপাতাল কর্তৃপক্ষ তার আনুষ্ঠানিক সনদপত্র বিএমইউ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিএমইউতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের হাতে সনদপত্রটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নতুন প্রযুক্তি গ্রহণ ও তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। রোবোটিক সার্জারি আধুনিক অস্ত্রোপচার চিকিৎসায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ প্রযুক্তির ফলে আরও সূক্ষ্ম ও নির্ভুল অস্ত্রোপচারের সুযোগ তৈরি হচ্ছে।
বাংলাদেশে রোবোটিক সার্জারির যাত্রাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, শুধু অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করলেই হবে না, তা পরিচালনার জন্য দক্ষ জনবলও তৈরি করতে হবে। সে ক্ষেত্রে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের মতো অভিজ্ঞ চিকিৎসকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ নি:সন্দেহে আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য ইতিবাচক।
বিএমইউ’র ভিসি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এই প্রশিক্ষণের অভিজ্ঞতা দেশের চিকিৎসা শিক্ষা ও রোবোটিক সার্জারির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি প্রযুক্তিগত এ সুফল যেন দেশের সাধারণ মানুষও ভোগ করতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার তাগিদ দেন তিনি।
সনদপত্র গ্রহণ করে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম প্রশিক্ষণ অর্জনের সুযোগ সৃষ্টি ও সম্মাননার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত এই জ্ঞান ও অভিজ্ঞতা দেশের চিকিৎসা শিক্ষা ও আধুনিক অস্ত্রোপচার ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিএমইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী এবং বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স