কক্সবাজারের উখিয়ায় ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর মো. শফির বিল এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মীম স্থানীয় হোটেল সি পার্লের স্পা কর্মী ছিলেন। তিনি ঢাকার ফায়দাবাদ কাঠালতলা এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। প্রায় পাঁচ মাস ধরে ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসায় তার মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, সুমি আক্তার মীমের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘এক নারীর মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
সূত্র: কালবেলা