গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:১০ পিএম

প্রেমিক-প্রেমিকা পালিয়ে যাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

জাতীয়
গণমাধ্যম ডেক্স
প্রেমিক-প্রেমিকা পালিয়ে যাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীর পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী মাঠে এ সংঘর্ষ হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হলিমপুর গ্রামের এক তরুণীর সঙ্গে মাটিয়াপুর গ্রামের এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তারা পালিয়ে গেলে দুই গ্রামের প্রভাবশালীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে বুধবার দুপুরে দুই গ্রামের লোকজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। 

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার আহতদের চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, দুই গ্রামের তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক ও পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।