খুলনার আদালত পাড়ায় আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান আদালতে এ চার্জশিট জমা দেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন- এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মাদক ব্যবসা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, খুন এবং পূর্বশত্রুতার জেরে এ জোড়া হত্যাকাণ্ড সংঘটিত হয়। তদন্তে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের আগের দিন রাতে রূপসা উপজেলার আইচগাতি এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি অফিসে বসে হত্যার পরিকল্পনা করা হয়। ওই পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের ৩০ নভেম্বর আদালত চত্বরে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয়। তদন্ত শেষে বুধবার আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ নভেম্বর অস্ত্র মামলায় হাজিরা দিতে খুলনা আদালতে আসেন পলাশ বাহিনীর সদস্য হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন। হাজিরা শেষে আদালতের সামনে একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন দুই বন্ধু। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাদের কুপিয়ে ও গুলি করে হত্যা করে। প্রকাশ্যে এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় আদালত পাড়াসহ নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্র: কালবেলা