যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পরও ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্কের মৌলিক কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার মতে, মার্কিন রাজনীতিতে দলীয় ক্ষমতার পরিবর্তন হলেও ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী নীতি অব্যাহত থাকবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে প্রকাশিত এক বার্তায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দলীয় বা গোষ্ঠীগত পরিবর্তন ইরানি জনগণের প্রতি দেশটির শত্রুতার অবসান ঘটাতে পারবে না।
তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন ইরানি জনগণের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করছে।
খামেনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র নিজের তৈরি সংকটের কারণে অপূরণীয় পতনের মুখে পড়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ঘটনার পর ওয়াশিংটনের পতনের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের ঘটনাকে ইরানের নেতারা ট্রাম্প প্রশাসনের পরাজয়ের ইঙ্গিত হিসেবে তুলে ধরছেন। তাদের বক্তব্য, মার্কিন নির্বাচনের ফলাফল ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন বার্তা বহন করছে।
তবে ডেমোক্র্যাটদের নির্বাচনী জয় সত্ত্বেও ইরানের প্রতি মার্কিন পররাষ্ট্রনীতিতে কী ধরনের পরিবর্তন আসে, তা এখনো অনিশ্চিত।
সূত্র: আল জাজিরা
সূত্র: কালবেলা