গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:১৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৩১ পিএম

রাত পোহালেই সেন্টমার্টিন রুটে চলবে ৩ জাহাজ, জেনে নিন সময়সূচি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
রাত পোহালেই সেন্টমার্টিন রুটে চলবে ৩ জাহাজ, জেনে নিন সময়সূচি
পর্যটকদের জন্য সুখবর! সেন্টমার্টিন দ্বীপে যাতায়াতে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে চালু হচ্ছে তিনটি পর্যটকবাহী জাহাজ। সরকারি বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন ও কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পাওয়ার পর জাহাজ তিনটি চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।  নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট ছেড়ে যাবে জাহাজগুলো। বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক শাখার উপপরিচালক সালমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। অনুমোদন পাওয়া তিনটি জাহাজ হলো- এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। জাহাজ তিনটিতে মোট দুই হাজার ২৯৮ জন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জাহাজ মালিকেরা জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ তিনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতিতে এ যাত্রা শুরু হচ্ছে। জাহাজগুলোর ছাড়ার সময়সূচি- এমভি বার আউলিয়া: সকাল ৭টা। এমভি কর্ণফুলী: সকাল ৭টা ১৫ মিনিট। এমভি টেকনাফ: সকাল ৮টা ১৫ মিনিট। জাহাজটির সেন্টমার্টিনে পৌঁছানোর নির্ধারিত সময় বেলা সাড়ে ৩টা। উল্লেখ্য, ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে। দ্বীপ ভ্রমণের ক্ষেত্রে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। এ সময় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।