গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০১:১৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৫০ পিএম

ডেমোক্র্যাটদের পক্ষে নয়, ভোটাররা আসলে ট্রাম্পের বিরুদ্ধে রায় দিয়েছেন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ডেমোক্র্যাটদের পক্ষে নয়, ভোটাররা আসলে ট্রাম্পের বিরুদ্ধে রায় দিয়েছেন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা ডেমোক্র্যাটদের সমর্থন দেওয়ার চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে যুদ্ধ শুরু না করার প্রতিশ্রুতি ভঙ্গ, ইরানে হামলা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার মূল্যবৃদ্ধি ভোটারদের অসন্তোষের বড় কারণ হয়ে উঠেছে।

আলজাজিরার প্রতিবেদক কিম্বার্লি হ্যালকেট বেশ কয়েকজন বিশ্লেষকের সঙ্গে কথা বলেছেন। তাদের মতে, নির্বাচনে ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগ ছিল ট্রাম্পের প্রতিশ্রুতি ভঙ্গ। নির্বাচনি প্রচারে তিনি কোনো বিদেশি যুদ্ধ শুরু করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ইরানে হামলার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতির বিপরীত অবস্থান নিয়েছেন তিনি।

এক বিশ্লেষক তাকে বলেন, ইরানে হামলার পর পণ্য ও সেবার দাম অনেক বেড়ে যায়। অথচ নির্বাচনি প্রচারে ট্রাম্প জীবনযাত্রার উচ্চ ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ভোটারদের বড় একটি অংশ ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেওয়ার পরিবর্তে মূলত ট্রাম্পকে প্রত্যাখ্যান করেছেন।

এদিকে ডেমোক্র্যাটদের উত্থাপিত কোনো আইনকে ‘উন্মাদনাপূর্ণ’ মনে হলে তাতে ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে তিনি এ অবস্থান জানিয়েছেন।

বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য ও নিয়ন্ত্রণের যে নীতি রয়েছে, এবার সেটিই কার্যকর হতে দেখা যাবে। গত দুই বছরে প্রেসিডেন্টের নির্বাহী বিভাগের হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে বলে অনেকে মনে করেন।

আগামী জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে তারা প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে সাংবিধানিক ও আইনগত বিভিন্ন হাতিয়ার ব্যবহার করতে পারেন।

এতে ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণ এবং নির্বাহী ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কংগ্রেসের নজরদারি ও বাধা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।