গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:১৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১০:০৯ পিএম

নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধের চেষ্টা পণ্ড, দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধের চেষ্টা পণ্ড, দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা

টানা দুই দিনের সড়ক অবরোধের পর তৃতীয় দিনে নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক শ্রমিকরা পুনরায় সড়ক অবরোধের চেষ্টা করেছেন। তবে শুরুতেই ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এদিকে শ্রমিক সহিংসতার ঘটনায় ২১ এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, টানা দুই দিনের অবরোধের পর বুধবার সকাল থেকেই নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সকাল ৯টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পোশাক শ্রমিকরা পুনরায় জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করলে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ আরও জানায়, নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় বড় পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বুধবার সকালে এসব কারখানার শ্রমিকরা কাজের উদ্দেশ্যে কারখানায় আসেন। নিয়ম অনুযায়ী শ্রমিকদের নিজ নিজ কাজে থাকার কথা থাকলেও পরবর্তীতে তারা কাজ ছেড়ে সড়কে নেমে অবরোধ করার চেষ্টা চালান।

একপর্যায়ে কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে সড়ক অবরোধের চেষ্টা করলে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ভূমিকা পালন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সড়ক সচল রাখতে পুলিশ তাৎক্ষণিক টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ফলে শ্রমিকরা সড়কে অবস্থান নিতে পারেননি।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মুখে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ বাসায় ফিরে যান। শ্রমিকরা বাসায় ফিরে যাওয়ায় বর্তমানে রাস্তাঘাট ও সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অঞ্চল-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ মাহমুদ জানান, নারায়ণগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানগুলো সহিংসতা থেকে দূরে থাকে। কিছু দুষ্কৃতকারী সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে আমরা শুরুতেই কঠোর অবস্থান নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিই।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সহিংসতার ঘটনায় নারায়ণগঞ্জে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ২১ জন এজাহারনামীয় এবং ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।