গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:২৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:৫৬ এএম

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে নতুন চুক্তি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে নতুন চুক্তি

ইয়েমেনের ইরানপন্থি হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা চুক্তি সই হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সৌদি আরব সফরের সময় এ চুক্তি সই হয়। সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এক মাসেরও কম সময়ের মধ্যে সৌদি আরবে এটি ছিল দুই নেতার দ্বিতীয় বৈঠক। তবে চুক্তির আওতায় কী ধরনের সহযোগিতা করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের চলমান সংঘাতের প্রেক্ষাপটে রিয়াদকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছে দামেস্ক।

সে সময় সিরিয়ার এক কূটনীতিক জানিয়েছিলেন, সামরিক সহযোগিতা বা অভিজ্ঞতা বিনিময়ের কোনো অনুরোধ এলে তা কেবল আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পরিচালনাকারী চুক্তির কাঠামোর মধ্যেই বিবেচনা করা হবে।

নতুন করে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরব প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক; উভয় ধরনের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে।

শারার সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ছাড়াও আরও কয়েকটি চুক্তি সই হয়েছে। বাশার আল-আসাদের পতনের পর সিরিয়াকে আর্থিক সহায়তা দিয়ে আসছে সৌদি আরব। পাশাপাশি বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশের সঙ্গে দামেস্কের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশটি।

সিরিয়ার অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট দেশটির অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ছয়টি চুক্তি সই করেছে। এসব চুক্তির আওতায় সিরিয়ার উন্নয়ন ও সেবা খাতের জন্য ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি সহজ শর্তের ঋণ দেওয়া হবে।

সূত্র : রয়টার্স

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।