গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:০৭ এএম

ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার আশা ট্রাম্পের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার আশা ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ডেমোক্র্যাটরা তার সঙ্গে যোগাযোগ করেছে। তাই একটি সমঝোতা সম্ভব বলে তিনি মনে করেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন তিনি।

ট্রাম্পের দাবি, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।

ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো কাজ করেছে এবং হরমুজ প্রণালি এখন উন্মুক্ত। তার দাবি, মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে। তাই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে তিনি ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতেন না।

যুদ্ধের প্রভাব মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে পড়তে পারে বলেও স্বীকার করেন ট্রাম্প। তবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাকে তিনি অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, সংঘাতের কারণে জ্বালানির দাম সাময়িকভাবে কিছুটা বেড়েছে। তবে তেলের দাম আরও অনেক বাড়বে বলে তিনি আগে ধারণা করেছিলেন। সুযোগ পেলে আবারও একই সিদ্ধান্ত নিতেন বলেও জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, যেসব পদক্ষেপে তার আপত্তি রয়েছে, সেগুলোতে ভেটো দেওয়ার ক্ষমতা তার আছে। তবে ডেমোক্র্যাটরা বাধা সৃষ্টি না করলে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব।

এদিকে সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার দ্রুত ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, যুদ্ধের লক্ষ্য সম্পর্কে ট্রাম্প মার্কিন জনগণকে স্পষ্ট করে কিছু জানাননি। বরং সংঘাত নিয়ে তিনি বারবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন।

এক সংবাদ সম্মেলনে শুমার বলেন, ট্রাম্পের অবস্থান এক দিন থেকে আরেক দিন, এমনকি এক মিনিট থেকে পরের মিনিটেই বদলে যায়। এই যুদ্ধ বন্ধ করতে হবে।

অন্যদিকে, বুধবার হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্ট নিয়েও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পোস্টে ট্রাম্পের একটি ছবি দিয়ে লেখা হয়, ‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।’ পোস্টটি প্রকাশের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো ব্যঙ্গাত্মক মন্তব্য আসে।

সূত্র: শাফাক নিউজ
 

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।