গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:১৩ এএম

মধ্যপ্রাচ্যে ২৫ হাজারের বেশি ড্রোন প্রতিরোধী ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মধ্যপ্রাচ্যে ২৫ হাজারের বেশি ড্রোন প্রতিরোধী ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র
২০২৬ সালে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য ২৫ হাজারের বেশি চালকবিহীন ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি খরচ কমানোর লক্ষ্যেই এসব সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, পাঠানো সরঞ্জামের মধ্যে রয়েছে ১ হাজার ৩০০টির বেশি একমুখী হামলায় ব্যবহারের ড্রোন, ১০০টির বেশি চালকবিহীন সামুদ্রিক ব্যবস্থা এবং ২৪ হাজারের বেশি ড্রোন প্রতিরোধী ব্যবস্থা। এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন বাহিনীর জন্য পাঠানো হয়েছে। পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আধুনিক সামরিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং তুলনামূলক কম খরচে সামরিক সক্ষমতা নিশ্চিত করতে এ ধরনের যুদ্ধ ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা পাঠানো অব্যাহত থাকবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এ ঘোষণা এল। এর আগে বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, যুক্তরাষ্ট্রের বিশেষ গোয়েন্দা নজরদারি বিমান আরসি-১৩৫ইউ কমব্যাট সেন্ট আটলান্টিক পেরিয়ে ইউরোপের দিকে গেছে। ইরানের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি বাড়ানোর অংশ হিসেবে এই বিমান চলাচল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবেদন অনুযায়ী, বিমানটি মঙ্গলবার নেব্রাস্কার অফুট বিমানঘাঁটি থেকে যাত্রা করে নিউ হ্যাম্পশায়ারের পিস বিমানঘাঁটিতে থামে। বুধবার সেখান থেকে পূর্ব দিকে যাত্রা অব্যাহত রাখে। আরসি-১৩৫ইউ বিমান উন্নত ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়। বিশেষ করে সামরিক রাডারব্যবস্থা শনাক্ত ও বিশ্লেষণ করতে এটি সক্ষম। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কাছে এ ধরনের মাত্র দুটি বিমান রয়েছে। তবে বিমানটির শেষ গন্তব্য কোথায়, তা স্পষ্ট নয়। চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে অবস্থিত কোনো মার্কিন সামরিক ঘাঁটি এর সম্ভাব্য গন্তব্য হতে পারে। সূত্র: শাফাক নিউজ

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।