দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন শেষ হচ্ছে চলতি নভেম্বর মাসেই। ১৭তম চ্যাপ্টারের মাধ্যমে এই সিজনের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। শেষ পর্বে দর্শকদের জন্য থাকছে বেশ কিছু চমক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন অমি। তিনি জানান, দর্শকদের দীর্ঘদিনের কিছু প্রত্যাশার প্রতিফলন থাকবে শেষ চ্যাপ্টারে।
সম্প্রতি অসুস্থতার কারণে বেশ কিছুদিন ভুগেছেন এই নির্মাতা। দাঁত ও গলার সমস্যায় কয়েক দিন কথাও বলতে পারেননি তিনি। তবে এখন শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ভিডিও বার্তায় অমি নিজেই জানিয়েছেন, আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন এবং গলার সমস্যাও কমেছে।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর সমাপ্তি নিয়ে অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই (নভেম্বর) রিলিজ হতে যাচ্ছে। এই লাস্ট চ্যাপ্টারে এমন অনেক জিনিস থাকছে, যেটা আপনারা অনেক বছর ধরে চাইছেন। সো, সবাই প্রস্তুতি নিন লাস্ট চ্যাপ্টারের জন্য।’
তবে শেষ চ্যাপ্টারটি ঠিক কোন তারিখে প্রকাশ করা হবে, তা এখনো জানাননি নির্মাতা।
অমির ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তার ভিডিও বার্তা প্রকাশের আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রায় সাড়ে আট হাজার প্রতিক্রিয়া পড়ে। মন্তব্যের সংখ্যা ছাড়ায় পাঁচশ। এ সময়ের মধ্যে ভিডিওটির ভিউ হয় প্রায় এক লাখ।
মন্তব্যে দর্শকদের কেউ ‘রোকেয়া’ চরিত্রটিকে আবার দেখতে চেয়েছেন, কেউ আগ্রহ দেখিয়েছেন ‘শিমুল’কে নিয়ে। আবার অনেকের প্রশ্ন, পঞ্চম সিজনের পর আসবে কি ষষ্ঠ সিজন? তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা ঘোষণা জানাননি অমি।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া রয়েছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেক অভিনয়শিল্পী।
সূত্র: নতুন আরএসএস সোর্স