গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:১২ পিএম

আলোচিত শামীম হত্যাকাণ্ডে যুবদল নেতা ভদু ৩ দিনের রিমান্ডে 

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আলোচিত শামীম হত্যাকাণ্ডে যুবদল নেতা ভদু ৩ দিনের রিমান্ডে 
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীমকে পিটিয়ে হত্যার মামলায় আদালতে আত্মসমর্পণ করা যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদুকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পাঁচ দিনের রিমান্ড আবেদনের পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাতক্ষীরার আমলি তৃতীয় আদালত এ আদেশ দেন। আদালতের বিচারক নুসরাত জাহান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আগামী ৮ নভেম্বর দুপুর ১২টার মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে ভদুকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সাদিকুল ইসলাম ভদু দেবহাটা উপজেলার পারুলিয়া শেখপাড়ার শওকত আলীর ছেলে। তিনি পারুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, গত ২৮ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ভদু। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত চত্বরে সাংবাদিকদের কাছে ভদু দাবি করেন, মিছিলকারীদের সঙ্গে থাকলেও তিনি শামীমকে মারধর করেননি। এ সময় তিনি যুবদলের নেতা বলেও স্বীকার করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে গত ১২ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় জামায়াত কার্যালয়ের সামনে থেকে একদল লোক ওয়াহেদুজ্জামানের বাড়িতে হামলা চালায়। পরদিন ১৩ অক্টোবর সন্ধ্যায় কুলিয়ার ডা. এমএ সবুরের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার ওপর হামলা হয়। পরে পারুলিয়া থেকে মিছিল নিয়ে একদল লোক সখীপুর হাসপাতালের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে পুলিশ, আনসার ও চিকিৎসকদের উপস্থিতিতে চিকিৎসাধীন শামীমকে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল জলিল ১৫ অক্টোবর দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ফজলুল হক আমিনী, সাদিকুল ইসলাম ভদু, মোক্তার খান ও আসাদুল মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২৫০ জনকে। এ মামলায় এর আগে মোক্তার খান, আসাদুল মোল্লা ও ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।