গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম

যোগ করা সময়ে পাকিস্তানের দুই গোল, জিতল ভারতই

জাতীয়
গণমাধ্যম ডেক্স
যোগ করা সময়ে পাকিস্তানের দুই গোল, জিতল ভারতই

সাফ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ যাত্রা করেছে ভারত। প্রথমার্ধে ভারতের ৩ গোল ব্যবধান গড়ে দেয়। দুটি গোল করেন ভারতের সোহাইল আহমেদ ভাট। যোগ করা চার মিনিটে দুটি গোল করে ব্যবধান কমায় পাকিস্তান। পাকিস্তান প্রথমার্ধে একটি পেনাল্টি হাতছাড়া করেছে। ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম কর্নার আদায় করে নেয় ভারত, সেখান থেকে অবশ্য বিপদ হয়নি পাকিস্তানের। ১৩তম মিনিটে ভারত আক্রমণে উঠে গোল করে, অফসাইডে বাতিল হয়ে যায় সেটি। পরের মিনিটেই গোল পায় দলটি, লেফট উইং থেকে মুহাম্মদ সোহাইলের ক্রসে গোল করেন সোহাইল আহমেদ ভাট। ১-০ গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচের ১৯ মিনিটে আবারও এগিয়ে যায় ভারত, এবারও গোল করেন সোহাইল ভাট। অভিষেক ধনঞ্জয়ের অ্যাসিস্টে ফাঁকায় বল পেয়ে পাকিস্তান গোলকিপার ইউসুফ এজাজ বাটকে ফাঁকি দিয়ে গোল করতে ভুল করেননি ভারত ফরোয়ার্ড। ২-০ গোলে এগিয়ে যায় ভারত। ২৩তম মিনিটে প্রথম কর্নার আদায় করে নেয় পাকিস্তান। পাকিস্তান প্রথম ভালো কোন আক্রমণ গড়ে ৩১ মিনিটে। সেসময়ই পাল্টা আক্রমণ গড়ে নৌশাদের অ্যাসিস্টে গোল করেন মাঙ্গেলাথাং কিপজেন, ৩-০ গোলে এগিয়ে যায় ভারত। ভারতের অভিষেক সূর্যবংশী ৩৪তম মিনিটে মুহাম্মদ হায়ান খাটাককে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় পাকিস্তান। শায়েক দোস্ত পেনাল্টি বারের অনেক উপর দিয়ে মারেন। বিরতি থেকে ফিরে প্রথম আক্রমণে ওঠে পাকিস্তান। ৬০ মিনিটে গোল করার মতো ভালো সুযোগ তৈরি করেছিল ভারত। অ্যাডিসন সিং পাকিস্তান গোলকিপারকে একা পেলেও বল ঠেকিয়ে দেন ইউসুফ। ৬৫ মিনিটের মধ্যে পাকিস্তান ছয় পরিবর্তন করে ফেলে। ম্যাচের ৮৩তম মিনিটে পাকিস্তান আরও একটি ভালো সুযোগ পেয়েছিল গোলের। সুযোগ ভারতের গোলকিপারের দৃঢ়তায় ভেস্তে যায়। যোগ করা সময়ের প্রথম মিনিটে লেফট উইং থেকে পাকিস্তানের জুনায়েদ আহমেদের ক্রসে হেডে গোল করেন নাজিব উল্লাহ। ব্যবধান দাঁড়ায় ৩-১ গোল। দুই মিনিট পর পাকিস্তান অধিনায়ক আলমগীর গাজী ব্যাক ভলিতে গোল করেন। ব্যবধান দাঁড়ায় ৩-২ গোল। ওই ব্যবধানে জয় তুলে মাঠ ছাড়ে ভারত।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।