গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৩৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:০৬ পিএম

আবদুল এল-সাইয়েদের জয়ে ভারতে উচ্ছ্বসিত স্ত্রীর স্বজনরা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আবদুল এল-সাইয়েদের জয়ে ভারতে উচ্ছ্বসিত স্ত্রীর স্বজনরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আবদুল এল-সাইয়েদ। তার এই জয়ে হাজার হাজার মাইল দূরে ভারতের কর্ণাটক রাজ্যের ভাটকাল শহরে আনন্দে মেতেছেন স্ত্রীর স্বজনরা। তাদের কাছে এটি শুধু রাজনৈতিক জয় নয়, পরিবারের একজন সদস্যের ঐতিহাসিক অর্জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে সারার দুই চাচাতো ভাই-বোন জুকাকু শামসুদ্দিন জিয়া ও বিবি হুসনা জানান, নির্বাচনের ফল গণনা নিয়ে তারা বেশ উদ্বিগ্ন ছিলেন। তবে শেষ পর্যন্ত জয়ের খবরে পুরো পরিবার আনন্দিত হয়েছে। 

হুসনা বলেন, যুক্তরাষ্ট্রে প্রচারণা ও ভোট গণনার সময় তারা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। ফল ঘোষণার পর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা স্বজনদের অভিনন্দন বার্তায় ভরে ওঠে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ।

সারার পরিবারের সঙ্গে এল-সাইয়েদের সম্পর্ক বহুদিনের। এক দশকেরও বেশি আগে এক আত্মীয়ের বিয়েতে স্ত্রীকে নিয়ে ভাটকাল সফর করেছিলেন তিনি। সেখানে কয়েক দিন স্বজনদের সঙ্গে কাটান।

হুসনার স্মৃতিতে, এল-সাইয়েদ অত্যন্ত বিনয়ী, জ্ঞানী ও মিশুক একজন মানুষ। তাকে ‘কর্ণাটকের জামাই’ বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় বিরিয়ানি ও ‘লোনমিরি’ নামের ঝাল মরিচের পেস্টও তার পছন্দ বলে জানান জিয়া।

জিয়া তার প্রয়াত দাদা জেএইচ শামসুদ্দিনের সঙ্গে এল-সাইয়েদের সততা ও জনসেবার মানসিকতার মিল খুঁজে পান। তার দাদা তৎকালীন মহীশূর রাজ্যের মন্ত্রী ছিলেন।

পরিবারের মতে, ইসলামবিদ্বেষ, অপপ্রচার ও দুর্নীতির বিরুদ্ধে এল-সাইয়েদের জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। তার ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ এবং রাজনীতিতে অর্থের প্রভাব কমানোর অঙ্গীকারও প্রশংসা করেছেন তারা।

তবে নতুন দায়িত্ব পালনের পাশাপাশি এল-সাইয়েদ ও তার পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন স্বজনেরা। তাদের প্রত্যাশা, প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করবেন তিনি।
  
সূত্র: এনডিটিভি

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।