প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৪৭ পিএম || প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:০৯ পিএম
সমগ্র নারায়ণগঞ্জজুড়েই যেখানে শ্রমিক অসন্তোষের আভা, সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে। এ অঞ্চলের শতাধিক পোশাক কারখানা সচল রয়েছে। মালিকদের আশ্বাস ও প্রতিশ্রুতিতে আস্থা রেখে কাজে ব্যস্ত হাজার হাজার পোশাক শ্রমিক।
বুধবার (৪ নভেম্বর) শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, তিন দিন ধরে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের কাঁচপুর, টিপুরদী ইকোনমিক জোনসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দিকনির্দেশনায় পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটেছে। সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব একাধিক ধাপে কারখানা মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চালান। তাদের সমন্বিত উদ্যোগেই শিল্পাঞ্চলে শান্তিময় ও কর্মমুখর পরিবেশ বজায় রয়েছে।
এদিকে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। পাশাপাশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি পালন করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে বিভিন্ন স্পটে নিয়মিত শান্তি ও প্রতিবাদ মিছিল পরিচালিত হয়।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব বলেন, ‘নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে থাকলেও তিনি শিল্পাঞ্চলের সার্বিক সুরক্ষায় আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখতে এবং শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো কুচক্রী মহল যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য আমরা মহাসড়কে সতর্ক পাহারা দেওয়ার পাশাপাশি মালিক ও শ্রমিকদের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনা চালিয়ে যাচ্ছি। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সামান্য অস্থিরতা দেখা গেলেও আসন-৩ এ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না।’
সূত্র: কালবেলা