প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৪৭ পিএম || প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:০৪ পিএম
সৌদি আরবের মদিনা অঞ্চলের দিকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘিরে আতঙ্ক তৈরি হয়। তবে তা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনে হুতিবিরোধী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মদিনা অঞ্চলের দিকে আসার সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি প্রতিহত ও ধ্বংস করেছে।’
এ ঘোষণার কয়েক মিনিট আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইয়ানবু বন্দরের আশপাশের এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে। তবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনা এবং ওই সতর্কবার্তার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
এদিকে, হুতিরা এর আগে একাধিকবার জানিয়েছে, সৌদি আরবের বিরুদ্ধে চলমান অভিযানে ইসলাম ধর্মের পবিত্র দুই শহর মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করা হবে না।
তবে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোতে হুতিদের হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সময়ে খবর পাওয়া গেছে।
সর্বশেষ এ ঘটনার বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা ও ফ্রান্স২৪
সূত্র: নতুন আরএসএস সোর্স