সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ২০২৫ ও ২০২৬ সালের জন্য নির্বাচিত চার লেখকের নাম ঘোষণা করা হয়েছে। দুই বছরের পুরস্কারের জন্য যৌথভাবে নির্বাচিত হয়েছেন মনি হায়দার, খোন্দকার হুমায়ূন কবীর, সরকার আবদুল মান্নান ও সারওয়ার-উল-ইসলাম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের জন্মদিন উপলক্ষে সংস্কৃতি কল্যাণ ট্রাস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। ২০২৫ সালের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন মনি হায়দার তার ‘মিস্টার অ্যান্ড মিসেস ভূত’ বইয়ের জন্য এবং খোন্দকার হুমায়ূন কবীর ‘আঁকি মায়ের ছবি’ বইয়ের জন্য। অন্যদিকে, ২০২৬ সালের পুরস্কার পেয়েছেন সরকার আবদুল মান্নান তার ‘সাদা ভূতের টিউটরিয়াল’ বইয়ের জন্য এবং সারওয়ার-উল-ইসলাম ‘লাল-সবুজে বাংলাদেশ’ বইয়ের জন্য। উভয় বছরের পুরস্কারই যৌথভাবে প্রদান করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার প্রদান নীতিমালার আলোকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিজয়ীদের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর কবি ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিনে পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। বঙ্গভাষা লেখক জাদুঘর সংলগ্ন মঞ্চে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।