কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারি, ডাকাতি মামলার আসামি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ওই ইউনিয়নের বাগড়া এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ তাসলিমা আক্তার কুলসুম (৪২) ও রোকসানা (৩২) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তারা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা।
অপর এক মাদকবিরোধী অভিযানে উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকা থেকে ১০ বোতল স্কাফ সিরাপসহ মো. মোরশেদ আলম (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মোরশেদ আলম ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা এলাকার বাসিন্দা।
এদিকে ডাকাতি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন, কুমিল্লা জেলার তিতাস উপজেলার মো. ফারুক প্রকাশ জজ (৩৫) এবং মুরাদনগর উপজেলার হুমায়ুন কবির (২৬)। অভিযানে তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. মনির হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনির নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: কালবেলা