গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:০৫ পিএম

হরমুজে ভারতসহ চার দেশের জাহাজ চলাচলে অব্যাহতি দিল ইরান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
হরমুজে ভারতসহ চার দেশের জাহাজ চলাচলে অব্যাহতি দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ভারত, চীন, ইরাক ও কাতারকে ছাড় দিয়েছে ইরান। দেশগুলোর বাণিজ্যিক জাহাজকে প্রণালিতে চলাচলের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের এক আইনপ্রণেতা। তবে অন্য দেশের জাহাজগুলোকে এখনো নানা বাধার মুখে পড়তে হচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনডিটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোঘাদ্দাম এ তথ্য জানান।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘আমরা বর্তমানে ভারত, চীন, ইরাক ও কাতার এই চার দেশকে হরমুজ প্রণালিতে চলাচলের বিধিনিষেধ থেকে অব্যাহতি দিয়েছি। এসব দেশের জাহাজ অবাধে চলাচল করছে। যুক্তরাষ্ট্রও সেগুলোকে বাধা দিচ্ছে না।’

মোঘাদ্দামের ভাষ্য অনুযায়ী, ভারতের জাহাজ চলাচলে ছাড় দেওয়ার উদ্দেশ্য দেশটি থেকে ওষুধ আমদানি সহজ করা। আর চীনের জাহাজকে ছাড় দেওয়ার পেছনে বেইজিংয়ের রাজনৈতিক সমর্থন পাওয়ার বিষয়টি কাজ করেছে।

তবে এই ছাড়ের অর্থ এই নয় যে ভারতীয় জাহাজগুলো বিনা খরচে প্রণালিটি পার হতে পারবে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলাচলের অনুমতি পেলেও ভারতীয় জাহাজকে ট্রানজিট ফি দিতে হতে পারে। অর্থাৎ ইরানের সিদ্ধান্তটি মূলত চলাচলের সুযোগ দেওয়ার বিষয়ে, ফি মওকুফের নিশ্চয়তা নয়।

চীন ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা এবং দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার। অন্যদিকে, কাতার বিশ্বের অন্যতম প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশ। ইরানের কাছে প্রতিবেশী ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতাও গুরুত্বপূর্ণ।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথ হামলার পর থেকে এই নৌপথে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সংঘাত শুরুর পর থেকে ওই অঞ্চলে জাহাজে হামলায় অন্তত ১৫ জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। সর্বশেষ সোমবার (২ নভেম্বর) ওমানের লিমাহ উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হন।

ভারত সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের সমাধানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালিসহ আন্তর্জাতিক নৌপথে অবাধ জাহাজ চলাচল ও বাণিজ্য নিশ্চিত করার দাবি জানিয়েছে দেশটি।
  
সূত্র: এনডিটিভি

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।