গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:০৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০২:৪৬ পিএম

জামিনের প্রশ্ন শুনে সাংবাদিককে গালাগাল পরীমনির

জাতীয়
গণমাধ্যম ডেক্স
জামিনের প্রশ্ন শুনে সাংবাদিককে গালাগাল পরীমনির

আদালত থেকে জামিন পেয়ে বের হওয়ার পরই সাংবাদিকের প্রশ্ন করা নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। গাড়িতে ওঠার সময় এক ব্যক্তির বিরুদ্ধে তার গায়ে হাত দেওয়ার অভিযোগ তোলেন এই অভিনেত্রী। এ নিয়ে মুঠোফোন হাতে ভিডিও ধারণ করতে থাকা ওই ব্যক্তির সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। 

এ সময় পরীমনিকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত চত্বরে ঘটে এ ঘটনা। তবে ঠিক কী ঘটেছিল সেখানে?

গাড়িতে ওঠার সময় হঠাৎ ক্ষুব্ধ পরীমনি

ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহকারীদের সঙ্গে নিয়ে আদালত থেকে বের হচ্ছিলেন পরীমনি। হেঁটে নিজের সাদা গাড়ির দিকে যাওয়ার সময় তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। দূর থেকেই অনেকে জামিনের পর তার প্রতিক্রিয়া জানতে চান। প্রশ্ন করা হয়, ‘জামিনের পরে আপনার প্রতিক্রিয়া কী, আমাদের মন্তব্যটা বলেন।’

যদিও কারও প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ির দিকে এগিয়ে যান পরীমনি। গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে হঠাৎ এক ব্যক্তির দিকে তেড়ে যান তিনি। ওই ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে বলেন, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’

এ সময় মুঠোফোন হাতে থাকা ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।’ অন্যদিকে, পরীমনির পাশ থেকে তার সহকারীরাও অভিযোগ করেন, ‘আপনি গায়ে হাত দিয়েছেন। আপনার হাত ছিল।’

‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়’

ঘটনাটি প্রায় ৩০ সেকেন্ড ধরে চলে। একপর্যায়ে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন পরীমনি। গণমাধ্যমকর্মীদের সামনেই ওই ব্যক্তির ওপর বারবার ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত ব্যক্তিদের কয়েকজন অভিযুক্ত ব্যক্তিকে সরিয়ে দেন। এরপর রাগ নিয়েই দ্রুত গাড়িতে ওঠেন পরীমনি। গাড়িতে ওঠার আগমুহূর্তেও বিরক্তি প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি উচ্চ স্বরে বলতে থাকেন, ‘তার গায়ে আমি দেইনি। কেন সে এ অভিযোগ করবে?’ পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পরীমনির গাড়ি।

যে মামলায় আদালতে আত্মসমর্পণ, পেলেন জামিন

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গতকাল বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর এক দিন পর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন এই চিত্রনায়িকা।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। পরে বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান।

শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন। আদালতের আনুষ্ঠানিকতা শেষে বের হওয়ার পরই আদালত চত্বরে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন তিনি।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।