গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:৩১ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:৪৮ পিএম

মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে গতকাল বুধবার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে যাদের বেশির ভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা–কর্মী। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে আজ বৃহস্পতিবার জেলার শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। তবে কোথাও নতুন করে শ্রমিক বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলেছে।

সকাল থেকে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, শিবু মার্কেট এবং সিদ্ধিরগঞ্জের জালকুড়িসহ বিভিন্ন শিল্প এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট, জালকুড়ি ও চাষাঢ়ার মতো গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, পোশাক কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের কঠোর অবস্থানের কারণে শ্রমিকেরা রাস্তায় নামতে পারেননি। কারখানাগুলোতে স্বাভাবিক কাজ হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোতায়েন ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির সদস্যরাও

এর আগে গতকাল বুধবার সকালে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ফতুল্লার কাঠেরপুল এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। তাঁরা আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনার চেষ্টা করেন।

শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে পুলিশ ও শ্রমিকসহ কমপক্ষে ১৫ জন আহত হন। কয়েকটি পোশাক কারখানার কাচও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় আজ দুপুরে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীসহ ৪২ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় রূপগঞ্জ থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাদিম হোসেনের নামও রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, কাঠেরপুলে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ফতুল্লার শ্রমিক আন্দোলনে নাদিমের সম্পৃক্ততা পাওয়া গেছে। কায়েতপাড়া থেকে লোক পাঠিয়ে তিনি আন্দোলনে নাশকতার চেষ্টা করেছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।