গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:২৩ পিএম

গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন

গ্রাম পুলিশকে তৃণমূল পর্যায়ের সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় বরিশালের গৌরনদী উপজেলার ৬৪ গ্রাম পুলিশদের মধ্যে সাইকেল, পোশাক ও গ্রাম পুলিশদের স্ত্রীদের জন্য শাড়ি বিতরণকালে তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, রাজধানী থেকে প্রধানমন্ত্রী যদি প্রত্যন্ত অঞ্চলের একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চান, তার মাধ্যম হচ্ছেন গ্রাম পুলিশ। সেই অর্থে গ্রাম পুলিশ হচ্ছেন তৃণমূল পর্যায়ের সরকার।

গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলার প্রাথমিক গুরুত্বপূর্ণ কাজে আমরা গ্রাম পুলিশকে ব্যবহার করে থাকি। এই জনবলকে যদি পরিকল্পিতভাবে কাজে লাগানো যায়, তবে আমাদের জনগণকে সেবা দেওয়া আরও সহজ হবে। এই চিন্তা থেকেই তাদেরকে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

তিনি আরও বলেন, সেই পরিকল্পনার অংশ হিসেবে পোশাক, জুতা ও সাইকেল দেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী এই বিশাল গ্রাম পুলিশ বাহিনীর উদ্দেশ্যে নীতি-নির্ধারণী বক্তব্য দিবেন।

গ্রাম পুলিশদের দাবি সম্পর্কিত বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন বলেও এ সময় জানান জহির উদ্দিন স্বপন।

উপহার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনসহ আরও অনেকে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।