গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:১১ পিএম

ডেমরা থানা কৃষকদলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ডেমরা থানা কৃষকদলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রাজধানীর ডেমরা থানা কৃষকদলের সদস্য সচিব মো. মমিনকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। গত ৪ নভেম্বর করা ওই জিডিতে হুমকিদাতাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মমিন। জিডি সূত্রে জানা যায়, ৪ নভেম্বর রাত ১টা ২০ মিনিটের দিকে ডেমরা থানার মহাকাশ রোডে নিজ বাসায় অবস্থান করছিলেন মো. মমিন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। কলকারী অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেকে কয়েকজন সহযোগীসহ তার বাসার নিচে অবস্থান করছেন বলে জানান। একই সঙ্গে তাকে বাসা থেকে নিচে নেমে আসতে বলেন। জিডিতে মমিন উল্লেখ করেন, নিচে না নামলে পরে সময়ে সুযোগ বুঝে তাকে ও তার পরিবারের সদস্যদের খুন-জখম করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। এ ঘটনায় মমিন ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় তাদের ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ কারণে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে, মমিনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাতেই ডেমরার বড় ভাংগা এলাকায় বিক্ষোভ মিছিল করেন থানা কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে কয়েক শ নেতাকর্মী অংশ নেন। তারা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। মমিন হুমকিদাতাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন। এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, মো. মমিনের করা সাধারণ ডায়েরির বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটি পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। ওসি আরও বলেন, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টিও পুলিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।