পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু হওয়া খুব জরুরি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, পদ্মা ব্যারাজ ও পদ্মা সেতু রাজবাড়ীর আর্থসামাজিক উন্নয়ন এবং মানুষের কল্যাণের জন্য অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর এ দুটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় রাজবাড়ীবাসীর জন্য এটি অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পদ্মা ব্যারাজ ও পদ্মা সেতু বাস্তবায়িত হলে ঢাকা ও চট্টগ্রামের পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ নগরী হিসেবে গড়ে উঠবে রাজবাড়ী। এ দুটি প্রকল্পের মাধ্যমে দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় রাজবাড়ীর গুরুত্ব অনেক বেড়ে যাবে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ১৯৯৩ সাল থেকে আমরা পদ্মা ব্যারাজ ও পদ্মা সেতুর দাবিতে আন্দোলন করে আসছি। এ নিয়ে অনেক সভা, জনসভা, মিছিল-মিটিং, এমনকি হরতালও করেছি। পাশাপাশি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করেছি। আমাদের দীর্ঘদিনের আন্দোলন ও প্রত্যাশা আজ বাস্তবায়নের পথে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াও রাজবাড়ীতে এসে পদ্মা ব্যারাজ ও পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সেই আকাঙ্ক্ষা ধারণ করে তার সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আজ পদ্মা ব্যারাজের কার্যক্রম শুরু হয়েছে। কয়েক দিন আগে পদ্মা সেতুর কার্যক্রম শুরু করার জন্যও তিনি আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। রাজবাড়ীবাসীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজবাড়ীতে এ দুটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। এটি রাজবাড়ীর জন্য বিরাট অর্জন।
দীর্ঘদিনের দাবি পূরণ করায় তিনি এসময় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সূত্র: নতুন আরএসএস সোর্স