গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:০৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১০:২৮ পিএম

গাজীপুরে পুলিশের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
গাজীপুরে পুলিশের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পারভেজ মল্লিকের হারিয়ে যাওয়া সরকারি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে বাসন থানাধীন বারবৈকা মুচিপাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিস্তল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর মাদক মামলার আসামি ধরতে অভিযানে গিয়ে কোনো একপর্যায়ে এসআই পারভেজ মল্লিকের ব্যবহৃত গুলিভর্তি সরকারি পিস্তলটি হারিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটি না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এরপর থেকে হারানো আগ্নেয়াস্ত্রটি উদ্ধারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় বাসন থানাধীন বারবৈকা মুচিপাড়া এলাকায় টিএন্ডটি রোডের বিপরীতে প্রফেসর মো. সিরাজুল ইসলামের চারতলা ভবনের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত খালি জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলটি ব্রাজিলের তৈরি ৯ এমএম টরাস মডেলের। এর সঙ্গে একটি ম্যাগাজিনে লোড করা এক রাউন্ড গুলিও পাওয়া গেছে। পিস্তলটির গায়ে ইংরেজিতে TKU41395 নম্বর লেখা রয়েছে। এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘আমরা হারিয়ে যাওয়া পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।