সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার সলঙ্গা থানার কুতুবের চর মৎস্য আড়তে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
এ ঘটনায় মাছের মালিককে ঘটনাস্থলে না পেয়ে মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। এ সময় রায়গঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, অভিযানকালে প্রায় ২৬ মণ (১ হাজার ৪০ কেজি) নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। তবে মাছের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মাছগুলো ময়মনসিংহ এলাকা থেকে কুতুবের চর মৎস্য আড়তে আনা হয়েছিল। প্রতি কেজি ২০০ টাকা হিসাবে জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, পিরানহা মাছ দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকিস্বরূপ। এটি জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করে এবং দেশীয় মাছের বংশবিস্তার ও অস্তিত্বের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ। অভিযান চালিয়ে জব্দ করা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
সূত্র: কালবেলা