মালয়েশিয়ায় দক্ষ ১১২ পুরুষ কর্মী নিয়োগ দেবে একটি প্রতিষ্ঠান। সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বোয়েসেল। বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ কোম্পানিতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।
আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এছাড়া ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৬ নভেম্বর (আজ) সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। এরপর কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। তাই এ নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স