গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:১১ এএম

মিস ইউনিভার্সে পাকিস্তান: পুয়ের্তো রিকোর পথে মিসবাহ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মিস ইউনিভার্সে পাকিস্তান: পুয়ের্তো রিকোর পথে মিসবাহ
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আয়োজক দেশ পুয়ের্তো রিকোর উদ্দেশ্যে রওনা হয়েছেন মিসবাহ আরশাদ। চলতি বছরের আগস্টে মিস ইউনিভার্স পাকিস্তানের মুকুট জেতেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই যাত্রার কথা জানিয়ে মিসবাহ লেখেন, তিনি এমন এক যাত্রা শুরু করতে চলেছেন যার স্বপ্ন সব সময় দেখেছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এমন একটি জায়গায় থাকার জন্য আনন্দিত ও কৃতজ্ঞ থাকতে চান তিনি, যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখেছেন এবং যেখানে তার থাকার কথা। নিজের দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি আরও লেখেন, আগামী কয়েক দিন তিনি শুধু মিসবাহ থাকবেন না, তার পরিচয় হবে পাকিস্তান। পাকিস্তান ইতোমধ্যে তার ভেতরে এক হয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি। একটি গ্রাম থেকে উঠে আসার কথা জানিয়ে মিসবাহ বলেন, সেই গ্রাম ও পরিবেশ তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সারা জীবন যে কাজ করে এসেছেন তা চালিয়ে যেতে পেরে তিনি গর্বিত। বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধ তৈরি করা তার সেই কাজ। এবার পাকিস্তান ও পুয়ের্তো রিকোর মধ্যে সেই সেতু গড়ে তুলতে যাচ্ছেন বলে জানান তিনি। যাত্রার শুরুতে পাকিস্তানের জাতীয় পতাকা হাতে ক্যামেরার সামনে পোজ দেন মিসবাহ। এ সময় তার পরনে ছিল ডিজাইনার প্যাট্রিক হেনরি মারগানোর তৈরি বিশেষ পোশাক। ছবির সঙ্গে তিনি লেখেন, পাকিস্তানি কাপড়ে নিজেকে জড়িয়ে শুরু হোক এই যাত্রা। এদিকে মিস ইউনিভার্স ২০২৬ এ ভারতের প্রতিনিধি কাজিয়াহ লিজ মেজোও পুয়ের্তো রিকোর উদ্দেশে যাত্রা শুরু করেছেন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের দল ও লাগেজের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি। এ সময় তার পরনে ছিল মেরুন রঙের শাড়ি এবং মাথায় ছিল মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট। ছবির সঙ্গে কাজিয়াহ লেখেন, একজন রানি শুধু মুকুটই বহন করেন না, তিনি বহন করেন একটি জাতির স্বপ্ন ও আশা। কেরালার ১৯ বছর বয়সী আইন বিভাগের এই শিক্ষার্থী রাজ্যটি থেকে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলোসিয়ামে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব। এবারের প্রতিযোগিতায় প্রায় ১৩০টি দেশের প্রতিযোগী অংশ নেবেন। নতুন করে প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে চারটি দেশ। দেশগুলো হলো কঙ্গো প্রজাতন্ত্র, সেন্ট মার্টিন, দক্ষিণ সুদান ও উগান্ডা। সূত্র: এনডিটিভি

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।