গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৪৭ এএম

এবার পার্কে বসেই অফিসের কাজ, এমন উদ্যোগ কোন শহরে?

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এবার পার্কে বসেই অফিসের কাজ, এমন উদ্যোগ কোন শহরে?

অফিসের চার দেয়ালের বাইরে খোলা আকাশের নিচে বসে কাজের সুযোগ তৈরি করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরের আল বারশা পন্ড পার্কে চালু হয়েছে ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ নামে বিশেষ কর্মক্ষেত্র। এর মাধ্যমে পার্কে বসেই ল্যাপটপ খুলে অফিসের কাজ করতে পারবেন চাকরিজীবী ও ফ্রিল্যান্সাররা।

দুবাই মিউনিসিপ্যালিটির উদ্যোগে ‘লেটসওয়ার্ক’ ও ‘গ্রুপ আমানা’র সহযোগিতায় এই ব্যবস্থা চালু হয়েছে। গত ২ নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই কর্মক্ষেত্রে বিনামূল্যে ব্যবহার করা যাবে উচ্চগতির ওয়াই-ফাই ও ল্যাপটপ-ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা। খোলা জায়গায় বসে কাজ করতে আগাম বুকিং বা ভাড়া দিতে হবে না। তবে শীতাতপনিয়ন্ত্রিত ইনডোর কর্মক্ষেত্র ব্যবহার করতে চাইলে আগে থেকে বুকিং নেওয়ার সুযোগ রয়েছে।

সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে এই কর্মক্ষেত্র। গরমের কথা বিবেচনায় রেখে বাইরে শীতল পরিবেশ তৈরির ব্যবস্থার পাশাপাশি আবহাওয়া উপযোগী বসার জায়গাও রাখা হয়েছে।

কাজের পাশাপাশি অবসর কাটানো ও অন্য পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগও থাকছে সেখানে। পার্কে হাঁটা, টেনিস ও ফুটবল খেলার ব্যবস্থাও রয়েছে। শিশুদের খেলার সুযোগ থাকায় অভিভাবকেরা সন্তানদের কাছাকাছি রেখেই কাজ করতে পারবেন।

দুবাইয়ের এই উদ্যোগের লক্ষ্য হলো প্রচলিত অফিসকেন্দ্রিক কাজের পরিবেশের বাইরে কর্মীদের জন্য বিকল্প কর্মক্ষেত্র তৈরি করা।

সূত্র: গালফ নিউজ

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।