গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০১:২৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম

ভারতীয় ভিসায় হঠাৎ পরিবর্তন, আবেদনকারীদের সেসব নির্দেশনা মানতেই হবে

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ভারতীয় ভিসায় হঠাৎ পরিবর্তন, আবেদনকারীদের সেসব নির্দেশনা মানতেই হবে

ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়ায় নতুন বাধ্যবাধকতা যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে বাংলাদেশি আবেদনকারীদের সব ধরনের ভিসার ক্ষেত্রেই নির্ধারিত ফরম্যাটে ‘Visa Undertaking Form’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দিতে হবে। 

নতুন নির্দেশনা অনুযায়ী, অনলাইনে ভিসার আবেদন করার সময় পূরণ করা ফর্মটি স্ক্যান করে আপলোড না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া ফর্ম পূরণ, প্রয়োজনীয় তথ্য প্রদান ও স্বাক্ষরের ক্ষেত্রেও মানতে হবে নির্দিষ্ট কিছু নির্দেশনা।

ভারতীয় ভিসাপ্রত্যাশীদের জন্য নতুন এই নির্দেশনা বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সব ধরনের ভিসা আবেদনকারীর জন্য নির্ধারিত ফরম্যাটে ‘Visa Undertaking Form’ জমা দেওয়া বাধ্যতামূলক। এ ক্ষেত্রে হাইকমিশনের দেওয়া নির্দিষ্ট লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে।

এরপর পূরণ করা ফর্মটি স্ক্যান করে NIC Visa Application Portal-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। হাইকমিশন স্পষ্ট জানিয়েছে, শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মই গ্রহণ করা হবে। অন্য কোনো ফরম্যাটে জমা দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।

ফর্মে যেসব তথ্য দিতে হবে

প্রকাশিত এক পাতার ‘Visa Undertaking Form’-এ আবেদনকারীকে নিজের নাম উল্লেখ করে কয়েকটি বিষয়ে অঙ্গীকার করতে হবে। এর মধ্যে রয়েছে, যে উদ্দেশ্যে ভিসার আবেদন করা হয়েছে, ভারত সফরকালে শুধু সেই উদ্দেশ্যেই অবস্থান করা এবং আবেদনের তারিখে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রে বসবাসের বিষয়টি নিশ্চিত করা। পাশাপাশি আবেদনে দেওয়া সব তথ্য সঠিক বলেও ঘোষণা দিতে হবে।

ফর্মের প্রথম অংশে ব্যক্তিগত তথ্য হিসেবে পাঁচটি বিষয় পূরণ করতে হবে। 

এগুলো হলো-

পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর পূর্ণ নাম।

পাসপোর্ট নম্বর।

জাতীয়তা।

জন্মতারিখ।

ঢাকায় বর্তমান ঠিকানা।

দ্বিতীয় অংশে ভারত সফরের উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যেমন- পর্যটন, ব্যবসা, চিকিৎসা, সম্মেলনসহ সংশ্লিষ্ট ভ্রমণের কারণ।

মানতে হবে যেসব অঙ্গীকার

ফর্মের পরবর্তী তিনটি অংশে আবেদনকারীকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অঙ্গীকার করতে হবে। প্রথমত, সফর শেষ হওয়ার পরপরই নিজ দেশে ফিরে আসতে হবে এবং কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান করা যাবে না।

দ্বিতীয়ত, ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার অঙ্গীকার করতে হবে। পাশাপাশি কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার ঘোষণাও দিতে হবে।

ফর্মে উল্লেখ রয়েছে, এসব শর্ত লঙ্ঘন করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সবশেষে আবেদনকারীকে ফর্মে স্বাক্ষর করার পাশাপাশি স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক বলে নির্দেশনায় জানানো হয়েছে।

নতুন এই নিয়মের ফলে ভারতীয় ভিসার আবেদন করার আগে নির্ধারিত অঙ্গীকারনামা সংগ্রহ ও পূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে আবেদনকারীদের। তাই আবেদন জমা দেওয়ার আগে ফর্মের সব তথ্য যথাযথভাবে পূরণ এবং নির্ধারিত ফরম্যাট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।