গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০১:৩৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৫০ এএম

চাকরির বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ করা বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চাকরির বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ করা বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে চাকরির বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ করা নিয়োগদাতাদের জন্য বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এ ঘোষণা দেন। বেতনসংক্রান্ত স্বচ্ছতা বাড়ানো এবং কর্মসংস্থানের বাইরে থাকা তরুণদের চাকরি পেতে সহায়তা করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের মতে, চাকরির বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ থাকলে বিশেষ করে প্রথমবার চাকরিতে আবেদন করা তরুণদের সুবিধা হবে। একই সঙ্গে নারী-পুরুষের বেতনবৈষম্য কমাতেও এটি ভূমিকা রাখতে পারে।

চার্টার্ড ইনস্টিটিউট অব পার্সোনেল অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্য উল্লেখ করে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, যুক্তরাজ্যের প্রতি পাঁচজন নিয়োগদাতার মধ্যে দুজনের কিছু বেশি সব সময় চাকরির বিজ্ঞপ্তিতে বেতনের পরিসর উল্লেখ করেন। তবে নির্দিষ্ট বেতনের অঙ্ক উল্লেখ করেন পাঁচজনের মধ্যে একজনেরও কম।

বার্নহ্যাম বলেন, চাকরির জন্য সময় ও শ্রম ব্যয় করে আবেদন করার আগেই একজন চাকরিপ্রার্থীর জানা উচিত, ওই পদে কত বেতন দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, বেতন উল্লেখ বাধ্যতামূলক করতে শিগগিরই পার্লামেন্টে আইন প্রণয়নের প্রস্তাব তোলা হবে। তবে এ বিষয়ে নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।

যুক্তরাজ্যে ১৬ থেকে ২৪ বছর বয়সী প্রায় ১০ লাখ তরুণ কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে রয়েছেন, যা দেশটির মোট এই বয়সী জনগোষ্ঠীর ১৩ শতাংশ। তরুণদের এই নিষ্ক্রিয়তা নিয়ে সরকারের একটি পর্যালোচনা প্রতিবেদন চলতি নভেম্বরের শেষ দিকে প্রকাশের কথা রয়েছে।

বেতনসংক্রান্ত স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ অবশ্য যুক্তরাজ্যেই প্রথম নয়। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অধিকাংশ বেসরকারি নিয়োগদাতার জন্য চাকরির বিজ্ঞপ্তিতে বেতনের পরিসর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়। পরের বছর ইউরোপীয় ইউনিয়নও এ বিষয়ে নিয়ম গ্রহণ করে।

সূত্র: রয়টার্স

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।