চট্টগ্রামের ফটিকছড়িতে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে যোগ দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের।
শুক্রবার (৬ নভেম্বর) দুই দিনব্যাপী এ সম্মেলনের শেষ দিনে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাতি মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সম্মেলনে মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য ও সংসদ সদস্য অংশ নিতে পারেন।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফজরের নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ দ্বীনি মহাসম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের বক্তাদের তালিকায় রয়েছেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মাহমুদুল হাসান ভূজপুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী ও মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ দেশের বরেণ্য আলেমরা।
এদিকে সম্মেলন ঘিরে বাবুনগর মাদরাসা প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লি ও অনুসারীদের ব্যাপক সমাগম ঘটছে। বিশেষ করে সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের যোগ দেওয়ার খবরে আয়োজনটি বাড়তি গুরুত্ব পেয়েছে।
শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ দ্বীনি মহাসম্মেলনের সমাপ্তি ঘটবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স