কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে আগামী ২০ নভেম্বর। দেশভাগ, ভাষা আন্দোলন ও একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে প্রথমবারের মতো বাবা হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়।
সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। পোস্টার প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ভাবনা।
এ প্রসঙ্গে ভাবনা বলেন, পোস্টারের ভেতরেই একধরনের স্থিরতা ও স্বস্তি রয়েছে। সোশাল মিডিয়ায় সব ইতিবাচক মন্তব্য পাচ্ছি। পোস্টারের মাঝখানে একটি পরিবারের ছবি ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখে মধ্যবিত্ত পরিবারগুলো পুরো পরিবার নিয়ে সিনেমা হলে আসার আগ্রহ দেখাচ্ছে।
২০২১-২২ অর্থবছরে সিনেমাটি নির্মাণের জন্য ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল। তবে অনুদানের বাইরেও নিজেদের উদ্যোগ ও কঠোর পরিশ্রমে সিনেমাটি নির্মাণ করতে হয়েছে বলে জানান ভাবনা।
তার ভাষ্য, অন্য সিনেমাতে আমি শুধুই একজন অভিনেত্রী, কিন্তু এটি আমাদের নিজস্ব প্রডাকশন হওয়ায় সব বিষয়ের সঙ্গেই যুক্ত থাকতে হয়েছে। রাজবাড়ির গোয়ালন্দে আমরা ২০ দিন শুটিং করেছি। সেখানে আবেগ আর আনন্দের নানা মুহূর্ত তৈরি হয়েছিল।
বাবার পরিচালনায় প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন ভাবনা। তিনি বলেন, আমার বাবা হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। আবার কখনো একসঙ্গে কাজ করবো কি না জানি না, তাই এটি আমার সারা জীবনের জন্য একটি অন্যতম মেমোরি ও ইতিহাস হয়ে থাকবে।
‘যাপিত জীবন’ দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী এই অভিনেত্রী। সিনেমাটির গল্পের গুরুত্ব তুলে ধরে ভাবনা বলেন, এটি আমাদের দেশের গল্প, অনুভূতির গল্প, বেদনার গল্প, আর মানুষের শেকড় ও অস্তিত্বের গল্প। সিনেমাটি দর্শকদের গভীরভাবে ভাবাবে এবং নতুন বোধ তৈরি করবে।
সিনেমাটিতে প্রথমবার জুটিবেঁধে অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। কাজের অভিজ্ঞতা নিয়ে আফজাল হোসেন বলেন, সিনেমাটির কাজ অত্যন্ত পারিবারিক আবহে সম্পন্ন হয়েছে। পারিবারিক একটি গল্প। কাজ করে ভীষণ ভালো লাগছে। সবকিছু দারুণভাবে এগোচ্ছে। আমার বিশ্বাস, ‘যাপিত জীবন’ খুব ভালো একটি নির্মাণ।
২০২৪ সালের নভেম্বরে চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াৎ, সমাপ্তি ও ডলি জহুরসহ অনেকে।
সূত্র: নতুন আরএসএস সোর্স