গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:৫৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম

ফিলিস্তিনি ভূমি রক্ষাকারীদের অপরাধী হিসেবে গণ্য না করার আহ্বান অ্যামনেস্টির

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ফিলিস্তিনি ভূমি রক্ষাকারীদের অপরাধী হিসেবে গণ্য না করার আহ্বান অ্যামনেস্টির
ফিলিস্তিনিদের ভূমি, অধিকার ও সম্প্রদায় রক্ষার আন্দোলনে যুক্ত ব্যক্তিদের অপরাধী হিসেবে চিহ্নিত না করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির গবেষণা, নীতি, প্রচার ও ক্যাম্পেইন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস এ আহ্বান জানিয়েছেন। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে তাকে উদ্ধৃত করা হয়েছে।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ফিলিস্তিনি ভূমি অধিকারকর্মী গাসান নাজ্জারকে আটক করার ঘটনা ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন, হয়রানি এবং অপরাধী হিসেবে চিহ্নিত করার আরেকটি উদ্বেগজনক উদাহরণ। তিনি আরও বলেন, ভূমি থেকে উচ্ছেদ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তুলছেন, তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। নাজ্জারকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়ে এরিকা গুয়েভারা রোসাস বলেন, ‘মানবাধিকার রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের যখন লক্ষ্যবস্তু করা হচ্ছে, তখন বিশ্ব নীরব থাকতে পারে না।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, পেশায় কৃষক গাসান নাজ্জারকে গত ২৭ অক্টোবর ভোরের আগে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণে বুরিন গ্রামে অভিযান চালিয়ে আটক করে ইসরায়েলি বাহিনী। নাজ্জারের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি বলেছে, নিজেদের ভূমি ও অধিকার রক্ষায় কাজ করা ফিলিস্তিনিদের হয়রানি ও গ্রেপ্তারের ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন। একই সঙ্গে আটক ভূমি অধিকারকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে সংস্থাটি। সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।