গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:৪৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:২৪ এএম

মাথায় আঘাত করে ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই, তাতে ছিল না স্বর্ণালংকার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মাথায় আঘাত করে ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই, তাতে ছিল না স্বর্ণালংকার

মানিকগঞ্জের হরিরামপুরে এক ব্যবসায়ীর মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার লেছড়াগঞ্জ বাজার থেকে যাত্রাপুর গ্রামে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

আহত মনোরঞ্জন কর্মকার (৫০) লেছড়াগঞ্জ বাজারে গয়না বিক্রির দোকান আছে। তাঁর বাড়ি উপজেলার যাত্রাপুর গ্রামে।

হরিরামপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন মনোরঞ্জন। রাত সাড়ে আটটার দিকে যাত্রাপুর গ্রামের নুর আলমের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে ওই স্থানে রাস্তার পাশে রক্তের দাগ ও রক্তমাখা একটি কাঠের টুকরা দেখা যায়।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মনোরঞ্জনকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা অসীম সরকার বলেন, মনোরঞ্জনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। সিটি স্ক্যান করানোর জন্য তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে রক্ত পাওয়া গেছে উল্লেখ করে হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীর ব্যাগটি নিয়ে গেলেও তাতে কোনো সোনা বা গয়না ছিল না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।