গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৪:৫৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০১:৪২ পিএম

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা প্রার্থীকেই জেলা আমির করল জামায়াত

জাতীয়
গণমাধ্যম ডেক্স
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা প্রার্থীকেই জেলা আমির করল জামায়াত

২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির পদে পরিবর্তন এসেছে। নতুন আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি।

গত বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির বিষয়টি জানায় দলটি। এতে এ আর হাফিজ উল্লাহকে আগামী দুই বছরের জন্য জেলা আমিরের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। এর আগে তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নির্বাচনি এলাকায় গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এ আর হাফিজ উল্লাহ। ওই বক্তব্যে তিনি বলেছিলেন, ‘আপনারা যদি ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে, দাঁড়িপাল্লায় ভোট দেন; আপনারা কী কী কারণে সওয়াবের ভাগী হবেন- এই দেওয়ার কারণে, আপনারা আল্লাহর পক্ষে দিছেন, পবিত্র কোরআনের পক্ষে দিছেন; আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর আমি বলি, যারা পবিত্র কোরআনের বিরুদ্ধে ভোট দিবে, তারা গুনাহগার হবে।’

তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নির্বাচনে ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগে বিভিন্ন মহলে সমালোচনা হয়। এ বিষয়ে জানতে চাইলে সে সময় এ আর হাফিজ উল্লাহ বলেছিলেন, ‘এমন কোনো বক্তব্য আমি দিয়েছি কি না, তা আমার মনে নেই। তবে ভুল করে মুখ ফসকে এমন কিছু বলে থাকতে পারি। আবার অনেক সময় আমার বক্তব্য খণ্ডিতভাবেও উপস্থাপন করা হয়।’

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে বৃহস্পতিবার এ আর হাফিজ উল্লাহ বলেন, ‘দলের পক্ষ থেকে জেলা আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এ দায়িত্ব পালনের চেষ্টা করব। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল এবং দলকে শক্তিশালী করতে কাজ করে যাব।’

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।