প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:২৮ পিএম || প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:০১ পিএম
জনগণের কষ্ট লাঘবে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, একটি ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব গ্রহণ করেছিল বিএনপি। এরপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্টগুলোকে লাঘব করতে বিভিন্ন স্থানে দিনরাত কাজ করা হচ্ছে।
শুক্রবার (০৬ নভেম্বর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড এই কারণে দিচ্ছি যাতে মানুষের সক্ষমতাটা তৈরি হয়। এই সরকার উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের আয় বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে।
স্কাউটিং খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, সমাজের তরুণরা যদি স্কাউটিং শিশুকাল থেকেই শিখে শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠে তাহলেই তার জীবনটা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। সে সঙ্গে সমাজের নানা অনিয়ম ও বৈষম্য থেকে নিজেদের রক্ষা করতে পারবে। তাই তরুণ সমাজকে মাদক থেকে দূরে নিয়ে আসতে হলে স্কাউটিংয়ের বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক রফিকুল হক, রাষ্ট্রপতির এপিএস আব্দুল আউয়াল প্রমুখ।
সূত্র: নতুন আরএসএস সোর্স