গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:৫৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৩৮ এএম

শাহরুখ ‘জিহাদি’, দীপিকার গায়ে গেরুয়া পোশাক!

জাতীয়
গণমাধ্যম ডেক্স
শাহরুখ ‘জিহাদি’, দীপিকার গায়ে গেরুয়া পোশাক!

শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’ প্রকাশের পর নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গানটিতে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের পোশাক নিয়ে আপত্তি তুলেছেন ভারতের বিজেপি বিধায়ক রবি নেগি। পোশাকটির দৃশ্য বাদ না দিলে সিনেমাটি দেশজুড়ে বয়কটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত ২ নভেম্বর প্রকাশিত গানটিতে শাহরুখ খানের সঙ্গে নাচের দৃশ্যে দেখা যায় দীপিকাকে। সেখানে তার পরনে ছিল কমলা বা গেরুয়া রঙের পোশাক। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে রবি নেগি বলেন, শাহরুখ খান যদি গান থেকে গেরুয়া পোশাকের দৃশ্য সরিয়ে না নেন, তাহলে ‘কিং’ বয়কটের জন্য দেশজুড়ে প্রচার চালানো হবে। ‘ফ্রি প্রেস জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘দৈনিক সমাচার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপির এই বিধায়ক শাহরুখ খানকে ‘জিহাদি’ বলেও আখ্যা দেন। তার অভিযোগ, শাহরুখ ভারতের অর্থ উপার্জন করলেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। একই সঙ্গে দীপিকাকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। রবি নেগি বলেন, ‘শাহরুখ খান ও এ ধরনের জিহাদিরা এ দেশে থেকে অর্থ উপার্জন করেন, আবার দেশের ভাবমূর্তিও নষ্ট করেন। গেরুয়া রং নিয়ে তাদের আপত্তি কেন? দীপিকা পাড়ুকোন এখানে কেবল একটি হাতিয়ার। এর পেছনে এসব জিহাদিরাই রয়েছে।’ এ সময় ২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানটির বিতর্কের প্রসঙ্গও টানেন তিনি। ওই গানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে সে সময় ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন আপত্তি তুলেছিল। মধ্যপ্রদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও গানটির দৃশ্য পরিবর্তনের দাবি জানিয়েছিলেন। এমনকি সিনেমাটি রাজ্যে নিষিদ্ধ করার হুঁশিয়ারিও দিয়েছিলেন। ‘কিং’-এর গান নিয়েও একই ধরনের প্রতিবাদ হতে পারে বলে সতর্ক করেছেন রবি নেগি। তার ভাষ্য, দৃশ্যটি পরিবর্তন না করা হলে দেশজুড়ে বিক্ষোভ হবে। সনাতন ধর্মের বিরুদ্ধে কোনো কিছুই মেনে নেওয়া হবে না। এর আগে ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্কের জবাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছিলেন, গানের রৌদ্রোজ্জ্বল আবহের সঙ্গে সামঞ্জস্য রাখতেই পোশাকটির রং নির্বাচন করা হয়েছিল। পরে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের (সিবিএফসি) পরামর্শে সিনেমাটির কয়েকটি দৃশ্যে পরিবর্তন আনা হয়। ‘তু মিল যায়ে’ গানটির মাধ্যমে আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন শাহরুখ ও দীপিকা। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। এড শিরানের র‍্যাপও রয়েছে এতে। শচীন-জিগরির সুরে গানটির কথা লিখেছেন কুমার। আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় এটি শাহরুখ ও দীপিকা জুটির ছয় নম্বর ছবি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, সুহানা খান, রানী মুখার্জী, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। এর এক সপ্তাহ আগে মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডিউন: পার্ট থ্রি’। টেলিগ্রাফিইন্ডিয়া

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।